ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য এক মন খারাপ করা খবর। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা নেইমার জুনিয়র। ৩৪ বছর বয়সে এসে শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতেই বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা করছেন তিনি। সম্প্রতি ব্রাজিলের অনলাইন চ্যানেল ‘কেজ টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার নিজেই জানিয়েছেন, এই বছরের শেষেই তিনি ফুটবল থেকে বিদায় নিতে পারেন।

মূলত একের পর এক চোট এবং বর্তমান শারীরিক অবস্থাই তাকে এমন সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। গত বছরের জানুয়ারিতে আল হিলাল থেকে সান্তোসে ফেরার পর থেকে চোট তার পিছু ছাড়ছে না। সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে গিয়ে নিজের ফিটনেসের ওপর দিয়ে বড় ধকল পার করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফিরলেও নেইমার স্বীকার করেছেন যে, তিনি এখনো শতভাগ ফিট নন এবং বেশ সতর্ক হয়ে খেলতে হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে খেলা নেইমারের একটি বড় স্বপ্ন। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। কোচ কার্লো আনচেলত্তি তার জন্য দুয়ার খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেসের। এ নিয়ে নেইমার বলেন, “আগামী বছর কী হবে জানি না, তবে সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন কেবল এই বছরটি নিয়েই ভাবছি।” শেষ পর্যন্ত নিজের হৃদয়ের সিদ্ধান্তকেই প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ১২৮ ম্যাচে ৭৯টি গোল রয়েছে নেইমারের ঝুলিতে। বার্সেলোনার হয়ে ট্রেবল জয় থেকে শুরু করে পিএসজির হয়ে অসংখ্য শিরোপা—সবই জিতেছেন এই ফুটবল জাদুকর। যদি ডিসেম্বরে তিনি অবসরে যান, তবে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপই হবে ব্রাজিলের জার্সিতে তার শেষ বড় মঞ্চ। যেখানে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

  • ২০২৬ বিশ্বকাপ
  • নেইমার
  • ফুটবল অবসর
  • ফুটবল সংবাদ
  • ব্রাজিল ফুটবল
  • সান্তোস