নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

শোবিজ ডেস্ক.

ভারতীয় মালয়ালম চলচ্চিত্র অভিনেতা অখিল বিশ্বনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, নিজ বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে অভিনেতার বয়স ছিল ৩০ বছর।সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অখিলের মা গীতা কাজের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় ঘরের ভেতরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।উল্লেখ্য, মাত্র তিন মাস আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অখিলের বাবা চুঙ্কাল চেঞ্চেরিভল্লাপ্পিল। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।অখিল বিশ্বনাথের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়ালম চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা ও নির্মাতা। পরিচালক সানাল কুমার শশীধরন এবং অভিনেতা জোজু জর্জসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।অভিনেতা মনোজ কুমার এক শোকবার্তায় লেখেন, ‘তুমি কী করেছ অখিল?’পরিচালক সানাল কুমার শশীধরন লেখেন, ‘অখিলের আত্মহত্যার খবর হৃদয়বিদারক। অত্যন্ত কষ্টের জীবন থেকে উঠে এসে সে সিনেমায় জায়গা করে নিয়েছিল। মালয়ালম চলচ্চিত্রে অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে “চোলা” সিনেমাটিই যথেষ্ট ছিল। এখনও বিশ্বাস করতে পারছি না সে আর নেই।’অভিনয়ের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য মোবাইল ফোন মেরামতের কাজ করতেন অখিল বিশ্বনাথ। তবে কিছুদিন ধরে সেই কাজ থেকেও বিরত ছিলেন বলে জানা গেছে।শিশুশিল্পী হিসেবে শোবিজে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে ‘চোলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ছবিটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয় এবং ব্যবসায়িকভাবেও সফল ছিল। অসাধারণ গল্প ও অভিনয়ের জন্য ২০১৯ সালে ‘চোলা’ রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।এ ছাড়া ‘অপারেশন জাভা’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করে মালয়ালম চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছিলেন অখিল বিশ্বনাথ।অভিনেতার আকস্মিক মৃত্যুতে মালয়ালম চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।