নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 days ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হুদা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নির্দেশে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী জাফর আল মামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সুমনকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে দলীয় শৃঙ্খলাজনিত কারণে এনামুল হুদা সুমনকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে সংগঠনের বৃহত্তর স্বার্থে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে এনামুল হুদা সুমন বলেন, “দল আমার পরিবার। সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাকে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ দিয়েছে। এজন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক দল এবং নাসিরনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি ভবিষ্যতে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজপথে আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

  • এনামুল হুদা সুমন
  • নাসিরনগর
  • স্বেচ্ছাসেবক দল