
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের সৈয়দ আক্তারনগর বাজার ঈদগাহ মাঠে এই সভা আয়োজন করা হয়। জনসভায় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছফিল মেম্বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী ও কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির প্রমুখ। এছাড়া গোর্কণ ইউপি চেয়ারম্যান শাহিনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ নিউটন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জমসেদ মিয়াসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা আগামী নির্বাচনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য তৃণমূল পর্যায়ে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
