নাসিরনগরে পরিত্যক্ত বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর পশ্চিমপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার পাশে চারটি সন্দেহভাজন বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের নজরে আসে বিষয়টি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ওই বস্তাগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এক ব্যক্তি একটি বস্তার মুখ খুলে ভেতরে গাঁজা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো তল্লাশি করে মোট ২০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ২ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া গেছে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মাদকের এই বিশাল চালানের সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

জনবসতিপূর্ণ এলাকায় এমন বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সীমান্তঘেঁষা এই অঞ্চলে মাদককারবারিদের তৎপরতা রোধে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত তদারকি প্রয়োজন।

  • গাঁজা উদ্ধার
  • নাসিরনগর
  • নাসিরনগর থানা
  • ব্রাহ্মণবাড়িয়া
  • মাদক উদ্ধার