নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৮৫ জনকে নগদ সহায়তা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 hours ago

ইয়াছিন চৌধুরী , নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এতে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৫৮৫ জন নারী-পুরুষ উপকারভোগী হিসেবে এ সহায়তা পান।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রম দরিদ্র মানুষের পাশে থাকার একটি অনন্য উদ্যোগ, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

জানা যায়, সংসদ সদস্য এম এ হান্নানের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ থেকে প্রতিজন উপকারভোগীকে ১ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, ঈদকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।