
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।
চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ শিক্ষা পরিবারের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আকবর হোসেন শ্যামল ও মো. আনিসুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা নাসিরনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষক ও শিক্ষা অফিসের কল্যাণে বিভিন্ন সুনির্দিষ্ট দাবি-দাওয়া তুলে ধরেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে স্থানীয় শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে শিক্ষকবৃন্দ নবনির্বাচিত এই এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেন।
