
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি (মোঃ হাবিব):
দীর্ঘ আটচল্লিশ বছরের পুরোনো, স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোসম্পন্ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য একটি অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সরকারি প্রস্তাবের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। মানববন্ধনের আয়োজক ছিল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঠাকুরগাঁও জেলা শাখা, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম) শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্স ও মিডওয়াইফরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রধান চালিকা শক্তি। তাঁরা জোর দিয়ে বলেন, বহু বছরের সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করা হলে নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা, আত্মসম্মান এবং তাঁদের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা আরও যুক্ত করেন, নার্সিং ও মিডওয়াইফারি সেবার মানোন্নয়ন এবং পেশাগত উন্নয়নের ধারা বজায় রাখার জন্য পৃথক অধিদপ্তরের অস্তিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁরা সরকারের কাছে দৃঢ়ভাবে আবেদন জানান যেন স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অক্ষুণ্ণ রাখা হয়।
এই মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক, নার্সিং সুপারভাইজার, ইন্সট্রাক্টর ইনচার্জ, নার্সিং কর্মকর্তা, নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং শিক্ষার্থী এবং মিডওয়াইফারি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
