নাটোরে নির্বাচনের ফলাফল শিট জব্দ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ভোটকেন্দ্রগুলোর জন্য পাঠানো ফলাফল বিবরণী বা রেজাল্ট শিটে তথ্যগত ভুল ধরা পড়ায় সেগুলো জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব শিট উদ্ধার করে সিলগালা করা হয়।নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান এই পদক্ষেপ নেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ছাপাজনিত ভুলের কারণে রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই নির্বাচনী কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং ভ্রান্ত শিটগুলো সাধারণ ব্যবহার থেকে সরিয়ে ফেলে।লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোট গণনার বিবরণীতে স্থানের জায়গায় ভুলক্রমে একটি টেকনিক্যাল ত্রুটি ছিল। বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথেই সেগুলো জব্দ করা হয় এবং বিচারিক কমিটি সেগুলো সিলগালা করে দিয়েছে। তবে এতে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি। আমরা ইতিমধ্যে সব কেন্দ্রে সঠিক ফরম সরবরাহ নিশ্চিত করেছি।”