
আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সালেহীন খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাখাওয়াত ইসলাম এবং ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার মাহমুদুর রহমান। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্পেস টু লিড প্রজেক্ট এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের সঠিক ও সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। একই সাথে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা। বক্তারা এ ধরনের কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
