দোয়ারাবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 4 months ago

মারুফ খন্দকার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করছিলেন। এসময় মিছিলের সামনে ও পেছনের অবস্থান নিয়ে মিলনপন্থী দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ,নরসিংপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি ফখর উদ্দিন, নুরুল হক,কামাল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।এঘটনায় সংবাদে দোয়ারাবাজারে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এসময় সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”