দেশ পরিচালনার পরিকল্পনা শুধু বিএনপিই দিয়েছে: তারেক রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
তারেক-রহমান-চৌদ্দগ্রাম-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সামনে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট ও স্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপিই তুলে ধরেছে। অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এমন কোনো রূপরেখা দিতে পারেনি। তার অভিযোগ, অন্য দলগুলো জনগণের জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু সমালোচনা ও বদনাম করতে ব্যস্ত।

গত রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে সাধারণ মানুষের মধ্যে অনেক বড় প্রত্যাশা তৈরি হয়েছে। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন দল। আমরা জানি মানুষের প্রয়োজনে কীভাবে পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন করতে হয়। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। একটি নির্বাচিত সরকারের পাঁচ বছরের মেয়াদে এই কার্ডের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলো ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করা হবে।

কৃষকদের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সার ও বীজসহ প্রয়োজনীয় সব কৃষি উপকরণ সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। যারা একে ‘ধোঁকা’ বলছেন তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, রাজনীতিতে কথা দিয়ে কথা রাখতে হয়, নাহলে মানুষ আর বিশ্বাস করবে না। তিনি আরও জানান, সরকার গঠন করতে পারলে ১২ ফেব্রুয়ারি থেকেই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হবে এবং এর উদ্বোধন হবে চৌদ্দগ্রাম থেকেই।

বেকার সমস্যা সমাধানে তিনি বলেন, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে যান, তাদের জন্য ভাষা ও কারিগরি শিক্ষা চালু করা হবে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ ও পণ্য রপ্তানির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। ধর্মীয় সেবার মানোন্নয়নে মসজিদের ইমাম ও খতিবদের জন্য মাসিক সম্মানীর পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানান বিএনপির চেয়ারম্যান।

প্রতিপক্ষের সমালোচনা না করার বিষয়ে তিনি বলেন, গীবত করে মানুষের পেট ভরবে না। মানুষ এখন জানতে চায় আমরা তাদের জন্য কী করতে চাই। দেশবাসীর নিরাপত্তা ও সামাজিক শান্তি নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।

বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধরেন। সমাবেশে আমিন-উর রশীদ ইয়াছিন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তারেক রহমান
  • নির্বাচনী সমাবেশ
  • বিএনপি