তারেক রহমানকে মোদী-শাহবাজসহ বিশ্বনেতাদের অভিনন্দন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 hours ago

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয় পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও মালদ্বীপের শীর্ষ নেতারা পৃথক বার্তায় এই শুভেচ্ছা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত।” দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানানোর পাশাপাশি সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের নির্বাচনে তারেক রহমান এবং বিএনপিকে নিরঙ্কুশ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। এই জয় গণতন্ত্রের জয়।” একই সঙ্গে তিনি রূপান্তরকালীন সময়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সেখানে তিনি বাংলাদেশের নতুন যাত্রায় শুভকামনা জানান।

বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক মহলের এই দ্রুত স্বীকৃতি ও অভিনন্দন বার্তাকে বিএনপির রাজনৈতিক বড় সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।