
তাজনূভা জাবীন (ছবি সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণের মধ্যেই নতুন দল এনসিপি (NCP) থেকে পদত্যাগ করেছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাজনূভা জাবীন। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একইসাথে তিনি ঘোষণা দিয়েছেন যে, আসন্ন নির্বাচনেও তিনি অংশগ্রহণ করবেন না।
ঢাকা-১৭ আসন থেকে এনসিপির হয়ে তাজনূভা জাবীনের নির্বাচনে লড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দলটির জোট প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি সরে দাঁড়ান।
ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন অভিযোগ করেন, জামায়াতের সাথে এনসিপির জোট প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না। একে তিনি ‘পরিকল্পিত’ এবং ‘মাইনাসের রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এনসিপির যে মধ্যপন্থী আদর্শ এবং নারী ও বিভিন্ন জাতিসত্তাকে নিয়ে রাজনীতি করার কথা ছিল, তা বর্তমান নেতৃত্বে চর্চা করা হচ্ছে না।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ তিনি জানান, জোটের কারণে অনেক আসনে প্রার্থীদের বসিয়ে দিয়ে জামায়াতের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তার রাজনৈতিক বিশ্বাসের পরিপন্থী। তাজনূভা বলেন, “দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত যে তারা দেশের জন্য নতুন ধারার রাজনীতি করতে পারবে না।” মাত্র ৩০টি আসনের সমঝোতাকে তিনি গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন।
মনোনয়ন প্রত্যাশীদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাজনূভা জাবীন অত্যন্ত আবেগী কণ্ঠে জানান, তার মা চট্টগ্রাম থেকে নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকা এলেও পরিস্থিতি তাকে পদত্যাগে বাধ্য করেছে। তিনি নির্বাচনে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অনুদান (Donation) প্রতিটি পয়সা ধরে ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। এ বিষয়ে শীঘ্রই তিনি বিস্তারিত জানাবেন বলে পোস্টে উল্লেখ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা রাজনীতিতে নতুন হলেও জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশের গণতান্ত্রিক পরিবর্তনের লড়াই জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পদত্যাগ করলেও মধ্যপন্থার রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা তিনি আমৃত্যু চালিয়ে যাবেন বলে জানান।
