সরাইলের মানবিক চিকিৎসক ডা. কামরুল হাসানের আকস্মিক বদলি স্থগিতের দাবি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 15 hours ago

অসিম চন্দ্র দাস, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা. কামরুল হাসানের আকস্মিক বদলি আদেশে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সম্প্রতি তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার হাসপাতালে বদলি করা হয়েছে, যা সরাইলবাসীর কাছে একটি অপ্রত্যাশিত ও দুঃখজনক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়দের মতে, ডা. কামরুল হাসান কেবল একজন চিকিৎসকই নন, তিনি ছিলেন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের আস্থার শেষ ঠিকানা। দিন-রাত রোগীদের নিরলস সেবা দেওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে তিনি ব্যক্তিগত উদ্যোগেও সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই মানবিক গুণাবলীর কারণে তিনি সরাইলবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ও পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

হঠাৎ এই বদলির সিদ্ধান্তকে ‘অমানবিক’ ও ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করছেন, এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসাসেবায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং এলাকার স্বাস্থ্যসেবার সামগ্রিক মান ব্যাহত করবে। একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে কর্মক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া মানে একটি জনপদকে সঠিক সেবা থেকে বঞ্চিত করা।

এ অবস্থায় সরাইলবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে, ডা. কামরুল হাসানের বদলি আদেশ অবিলম্বে স্থগিত করা হোক। জনস্বার্থ বিবেচনা করে তাকে পুনরায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

  • ডা. কামরুল হাসান
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সরাইল
  • স্বাস্থ্যসেবা