জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
ছবি: ড. মুহাম্মদ ইউনুস (সংগৃহিত)

বাংলাদেশকে জালিয়াতির কারখানা হিসেবে গড়ে তোলা হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট ও ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বে এখন চ্যাম্পিয়ন। এই জালিয়াতির কারণেই বহু দেশ এখন বাংলাদেশিদের প্রবেশাধিকার দিতে চায় না। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বিসিএফসিসি-তে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সব জিনিস জাল। এমনকি আমেরিকান ভিসাও জাল করা হচ্ছে। আমাদের মানুষের বুদ্ধি আছে, নয়তো জালিয়াতি করতে পারত না। কিন্তু সেই মেধাকে খারাপ কাজে লাগানো হচ্ছে।” মধ্যপ্রাচ্যের এক মন্ত্রীর সঙ্গে নিজের আলাপের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ভুয়া শিক্ষাগত ও ডাক্তারী সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টার কারণে বহু দেশে বাংলাদেশিরা এখন ‘রিজেক্টেড’ হচ্ছে। ব্যাংক সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু ভুয়া তৈরি করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ড. ইউনূস তরুণ প্রজন্মের মেধার প্রশংসা করে বলেন, প্রযুক্তিকে ন্যায্য পথে ব্যবহার করতে হবে। জালিয়াতির কলঙ্ক মুছে এই দেশকে উদ্যোক্তাদের দেশে রূপান্তর করতে হবে। জালিয়াতি বাদ দিয়ে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিতে তিনি তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার না করলে এবং নিজেদের সংশোধন না করলে ভবিষ্যৎ আরও কঠিন হবে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, “ইন্টারনেট বন্ধ করার কারণেই তরুণরা ফুটন্ত তেলের মতো বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, যা একটি ক্ষমতাশালী সরকারের পতন ঘটিয়েছে।” চব্বিশের গণঅভ্যুত্থান নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচাইতে শক্তিশালী। তাদের সঠিক সুযোগ দিলে তারা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে।

  • জালিয়াতি
  • ড. মুহাম্মদ ইউনূস
  • প্রধান উপদেষ্টা