জামায়াতকে ভোট দেওয়া হারাম বললেন হেফাজত আমির

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago

চট্টগ্রাম প্রতিনিধি

হেফজাতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বরং এটি ‘হারাম’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার তার এই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে হেফাজত আমির বলেন, “সমস্ত মুসলমানদের বলে দিন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। এটি হারাম।” এ সময় পাশে থাকা সরওয়ার আলমগীরকে দেখিয়ে তিনি আরও বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি একটি জিহাদ।”

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াত যদি ক্ষমতায় আসে তবে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে।” বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও অভিহিত করেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেছেন হেফাজতের বর্তমান এই শীর্ষ নেতা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

  • আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
  • জামায়াতে ইসলামী
  • হেফাজতে ইসলাম