ট্রাইব্যুনালে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিলেন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 15 hours ago

জুলাই গণ-অভ্যুত্থানের সময় পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আইটি বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তা তানভীর জোহা। মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই সাক্ষ্য প্রদান করেন।

সাক্ষ্যে তানভীর জোহা বলেন, আন্দোলন দমনে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল দেশে সংঘটিত ভয়াবহ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছাতে না পারে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আইসিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে একাধিক দফায় ইন্টারনেট সম্পূর্ণ শাটডাউন করা হয়। এই পরিকল্পনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, ইন্টারনেট বন্ধের এই প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পলক নিয়মিত শলাপরামর্শ করতেন। আন্দোলন দমনে বিভিন্ন কৌশল নির্ধারণে তাদের মধ্যে নিবিড় আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৭ জন পলাতক। ইন্টারনেট শাটডাউন কার্যকর করে তারা গণহত্যা সংঘটনে সরাসরি সহায়তা করেছেন বলে ট্রাইব্যুনালে দাবি করা হয়।

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • ইন্টারনেট শাটডাউন
  • জুনাইদ আহমেদ পলক
  • সজীব ওয়াজেদ জয়