চেলসির নতুন কোচের দায়িত্বে লিয়াম রোজেনিয়র!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago
চেলসির প্রধান কোচ লিয়াম রোজেনিয়র

আকাশ দাশ সৈকত:

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট চেলসি তাদের নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে। স্ট্রাসবুর্গের সাবেক কোচ লিয়াম রোজেনিয়রকে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে নিয়োগ দিয়েছে ব্লুজরা।

নতুন বছরের শুরুতেই চেলসির ডাগআউটে বড় পরিবর্তন এল। ক্লাবের সাথে পাঁচ বছরের চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণে জানুয়ারির শুরুতে চেলসিকে বিদায় জানিয়ে দেন সফল কোচ এনজো মারেস্কা। মারেস্কার অধীনে চেলসি শিরোপা জয়ের সাফল্য পেলেও তার আকস্মিক বিদায়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মারেস্কা চলে যাওয়ার পর খন্ডকালীন কোচ হিসেবে কলাম ম্যাকফারল্যানকে দায়িত্ব দেওয়া হলেও কর্তৃপক্ষ স্থায়ী সমাধানের জন্য রোজেনিয়রকে বেছে নিয়েছে।

চেলসির মতো বড় ক্লাবের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত লিয়াম রোজেনিয়র। তিনি বলেন, “চেলসির প্রধান কোচ হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। এই দায়িত্বটি আমার কাছে অনেক কিছু। ক্লাব কর্তৃপক্ষ আমার ওপর যে বিশ্বাস রেখেছে, মাঠে তার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

আগামী শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটনের বিপক্ষে ম্যাচ দিয়েই চেলসির ডাগআউটে রোজেনিয়র আনুষ্ঠানিকভাবে তাঁর যাত্রা শুরু করবেন। ক্লাব সমর্থকরা আশা করছেন, লিয়াম রোজেনিয়রের হাত ধরে চেলসি তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।

  • ইংলিশ প্রিমিয়ার লিগ
  • এনজো মারেস্কা
  • চেলসি
  • লিয়াম রোজেনিয়র