
ঢাকা জেলা প্রতিনিধি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ঘুষ গ্রহণ ও টাকা দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
গতকাল বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এবং কুমিল্লার সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সুধাংশু কুমার সাহা।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে ‘চাকরি হইতে বরখাস্ত’ করা হয়েছে। তার বিরুদ্ধে এনআইডির বয়স ১০ বছর কমানোর জন্য এক আবেদনকারীর কাছে প্রথমে ২ লাখ ও পরে দরকষাকষির মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে। দাবি করা টাকা না পাওয়ায় তিনি আবেদনটি বাতিল করে দেন। পরবর্তীতে আবেদনকারী ঘুষ দাবির অডিও রেকর্ডসহ অভিযোগ করলে ফরেনসিক পরীক্ষায় তা প্রমাণিত হয়। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তার এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লায় দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে ‘চাকরি হইতে অপসারণ’ করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
