গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মঞ্চ ২৪-এর প্রচারণা শুরু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago
ছবি: গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা

ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনমত গঠন করতে ব্যাপক প্রচারণা শুরু করেছে ‘মঞ্চ ২৪’। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ‘দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে এই প্রচারণা কার্যক্রম চালানো হয়। প্রচারণায় গণভোটকে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরা হচ্ছে।

প্রচারণা উপলক্ষে বিলি করা লিফলেটে বলা হয়, গণভোটের মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ সরকারি কর্ম কমিশন গঠনের পথ সুগম হবে। এছাড়া ভবিষ্যতে কোনো সরকার যেন নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে না পারে, তার রক্ষাকবচ হিসেবেও গণভোটকে দেখা হচ্ছে।

মঞ্চ ২৪-এর পক্ষ থেকে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা হলে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। এছাড়া তাদের প্রচারণায় উল্লেখযোগ্য আরও কিছু বিষয় স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে— প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ রাখা, সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

প্রচারণায় অংশ নেওয়া বক্তারা বিশেষ জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার, বিশেষ করে ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করার আইনি নিশ্চয়তা অর্জন করা সম্ভব হবে। এছাড়া দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার মাধ্যমে মুক্তি দেওয়ার সুযোগ বন্ধ করার দাবিও তুলে ধরা হয়।

মঞ্চ ২৪-এর নেতারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা কেমন হবে, তা নির্ধারণে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জনে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

  • গণভোট ২০২৬
  • মঞ্চ ২৪
  • হ্যাঁ ভোট