গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 weeks ago
নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেনকৃষক দল নেতা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

আসন্ন জুলাই সনদের গণভোটে সংবিধানে ধর্মীয় বিধানের সুরক্ষা নিশ্চিত করতে জনগণকে ‘না’ ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতা জুয়েল আরমান। রোববার (১১ জানুয়ারি ২০২৬) ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এক দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক জুয়েল আরমান বলেন, “আগামী ১২ তারিখ যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমাদের লক্ষ্য থাকা উচিত ‘না’ ভোট জয়ী করা। যদি ‘না’ ভোট জয়ী হয়, তবেই সংবিধানে ‘বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম’—এই বাক্যটি সংরক্ষিত থাকবে। কিন্তু যদি কোনোভাবে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়, তবে সংবিধান থেকে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত বা মুছে যাবে।”

তিনি আরও যোগ করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের উচিত এই ধর্মীয় স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে ভোট প্রদান করা। তিনি ফতুল্লা এলাকার ভোটারদের জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে ‘না’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। বক্তব্যের শুরুতে জুয়েল আরমান উপস্থিত সবার কাছে মুফতি কাসেমীর পক্ষেও সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

  • গণভোট ২০২৬
  • জুয়েল আরমান
  • নারায়ণগঞ্জ কৃষক দল