না ফেরার দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তার শয্যাপাশে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি। এছাড়া ছোট ভাই শামীম এসকান্দার, তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্যগণ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা হাসপাতালে অবস্থান করছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচী এবং দাফনের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে দেশবাসীকে জানানো হবে।

বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও আপসহীন অধ্যায়ের সমাপ্তি ঘটলো তাঁর বিদায়ের মধ্য দিয়ে। তাঁর মৃত্যুতে সারা দেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • এভারকেয়ার হাসপাতাল
  • খালেদা জিয়া
  • তারেক রহমান
  • বাংলাদেশ রাজনীতি
  • বিএনপি
  • বেগম খালেদা জিয়া আর নেই
  • মির্জা ফখরুল
  • শোক সংবাদ