
বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার রাজনৈতিক মুহূর্তের কোলাজ ছবি
অনলাইন ডেস্ক.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী এক শোক বার্তায় জানান, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর কোনো জাতীয় ইস্যুতে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক বড় ধরনের শোক বার্তা।
শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আমি তার পরিবারের শোকাহত সদস্য এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।” রাজনৈতিক চরম বৈরিতা থাকা সত্ত্বেও দেশের এমন ক্রান্তিলগ্নে শেখ হাসিনার এই শোক বার্তা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন হাজারো নেতাকর্মী।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রী কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। রাজপথের আন্দোলন এবং দীর্ঘ কারাবাস সত্ত্বেও দেশ ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
