জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

বাংলাদেশের রাজনীতির এক বর্ণিল ও আপসহীন অধ্যায়ের চিরসমাপ্তি ঘটল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পরপরই রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

বিকেল সোয়া ৪টায় দাফন প্রক্রিয়া শুরু হয়। এক আবেগঘন মুহূর্তে বেগম খালেদা জিয়ার কবরে নিজে নেমে মাকে শায়িত করেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর একে একে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শার্মিলী রহমান সিঁথি, নাতনি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমান কবরে মাটি দেন। সশস্ত্র বাহিনীর তিন প্রধান— জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও এডমিরাল এম নাজমুল হাসানও কবরে মাটি ছিটিয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিদেশি কূটনীতিক এবং লাখো সাধারণ মানুষ এই জানাজায় অংশ নেন। সকাল থেকেই প্রিয় নেত্রীকে বিদায় জানাতে রাজধানীজুড়ে মানুষের ঢল নামে, যা মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে ফার্মগেট ও কারওয়ান বাজার পর্যন্ত বিস্তৃত হয়।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে মায়ের হয়ে সবার কাছে ক্ষমা চান। তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও মনে কষ্ট দিয়ে থাকেন, আমি উনার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আর উনার কাছে যদি কারও কোনো পাওনা থাকে, তবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তা পরিশোধের ব্যবস্থা করব।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্যে খালেদা জিয়াকে দেশের রাজনীতির এক অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জননন্দিত নেত্রী। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

  • খালেদা জিয়া
  • জানাজা
  • জিয়া উদ্যান
  • তারেক রহমান
  • দাফন সম্পন্ন
  • বাংলাদেশ রাজনীতি
  • বিএনপি
  • মানিক মিয়া অ্যাভিনিউ
  • শোক সংবাদ