
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও কারাগারে বসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। এই তালিকায় রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডা. এনামুর রহমানের মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারই দেশে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোট দেওয়ার সুযোগ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এর আওতায় সারা দেশের বিভিন্ন কারাগারে থাকা প্রায় ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকেন্দ্র স্থাপন এবং নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রবাসীদের পাশাপাশি হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি আইন সংশোধন করে এই নতুন বিধান যুক্ত করেছে। তবে দেশের মোট ৮৪ হাজার কারাবন্দির বিপরীতে নিবন্ধিত ভোটারের সংখ্যা কিছুটা কম হওয়ার পেছনে জাতীয় পরিচয়পত্র না থাকা এবং অনেকের অনাগ্রহকে প্রধান কারণ হিসেবে দেখছে কারা সূত্র।
ভোটের দিন নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধিত বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী ও গণভোটের পক্ষে-বিপক্ষে রায় দিতে পারবেন। এই উদ্যোগকে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
