কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি: শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন গণঅধিকার পরিষদ নেতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি এবং শিক্ষার্থীদের ওপর চাঁদাবাজির অভিযোগে জেলা গণঅধিকার পরিষদের এক নেতাকে ধাওয়া করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় শহরের বারোঘরিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে তিন ঘণ্টা একটি মেসে অবরুদ্ধ থাকার পর তাঁকে উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

অবরুদ্ধ ওই নেতার নাম আব্দুর রাকিব। তিনি জেলা গণঅধিকার পরিষদ-এর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিযোগ, রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, মাদক কারবার এবং সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র দেড় মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকি দিলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কলেজ অধ্যক্ষ ওমর ফারুক জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাও করে রাকিবের অনুসারীরা। রোববার সন্ধ্যায় তাঁকে সামনে পেয়ে শিক্ষার্থীরা ধাওয়া করলে তিনি একটি মেসে আশ্রয় নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে পৌঁছান এবং তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ মামলা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছর বারোঘরিয়া বাজারে ককটেল হামলার অভিযোগও রয়েছে এই নেতার বিরুদ্ধে।

  • গণঅধিকার পরিষদ
  • চাঁপাইনবাবগঞ্জ সংবাদ