একাকী জেলজীবনের কথা ভেবে রাতে গায়ে কাঁটা দিত-কনকচাঁপা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

অনলআইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশনেত্রী খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কনকচাঁপা লেখেন, “বারবার তাঁর নামের সাথে ‘আপসহীন’ শব্দটি উচ্চারিত হয়। নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তিনি নিজের স্বার্থ, স্বাচ্ছন্দ্য বা সম্ভোগের জন্য অন্যায়, মিথ্যাচার ও স্বৈরাচারের সাথে কখনো আপস করেননি। দেশের মানুষের মায়ায় তিনি সন্তান, সংসার ও বিলাসী জীবনের তোয়াক্কা করেননি।”

তিনি আরও উল্লেখ করেন, এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব কঠিন যা সাধারণ মানুষের ভাবনার অতীত। খালেদা জিয়ার কারাভোগের স্মৃতি স্মরণ করে কনকচাঁপা লেখেন, “সেই পুরাতন ভাঙা জেলখানায় তাঁর দিন কাটার কথা ভেবে কত রাত আমার ঘুম আসত না! সেই একাকী জীবনে কত রকম ভয় ছিল, সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত। অথচ তিনি ছিলেন নির্ভার! এ জন্যই তাঁকে বলতে চাই অকুতোভয় জীবনযোদ্ধা ও মৃত্যুঞ্জয়ী মহামানব।”

কনকচাঁপা তার লেখায় খালেদা জিয়ার দেশপ্রেমের কথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, খালেদা জিয়া সবসময় বলতেন এই দেশের মানুষ ছেড়ে তিনি কোথাও যাবেন না। আক্ষেপ করে এই শিল্পী লেখেন, “আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাঁকে সঠিক মর্যাদা দিতে পারিনি। তিনিই ছিলেন প্রকৃত রাজনীতিবিদ ও খাঁটি একজন দেশনেতা।”

অন্য একটি পোস্টে রিকশার যাত্রী হিসেবে খালেদা জিয়ার একটি দুর্লভ ছবি শেয়ার করে কনকচাঁপা বিদায়লগ্নে লিখেছেন, “বিদায় হে সাধারণের নেত্রী… অসাধারণ নেত্রী।”

  • কনকচাঁপা
  • খালেদা জিয়া
  • বিএনপি
  • বিনোদন সংবাদ