
আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি শিশু একাডেমীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক হূদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের ব্যানারে ‘নিঃস্বার্থ ভালোবাসায় আলো ছড়িয়ে ভালো মানুষ হওয়ার’ আহ্বান যেমন ছিল, তেমনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ করা হয় চিরন্তন সত্যের বাণী— “আসা আর যাওয়া ধরণীর রীতি। মুছে ফেলো আঁখি জল, ঢেলে দাও প্রীতি।”
বেলকুচি শিশু একাডেমীর অধ্যক্ষ শরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার নাম উজ্জ্বল করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বিদায় মানেই শেষ নয়, বরং এটি জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশের সূচনা। তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অনেক শিক্ষার্থী ও শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন।
