বাগেরহাটে একযোগে এনসিপি ছাড়লেন ১২ নেতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:

বাগেরহাটে আদর্শিক সংঘাত ও রাজনৈতিক সমীকরণের কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই গণপদত্যাগের ঘোষণা দেন দলটির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিদায়ী প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে স্পষ্ট অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, তার ব্যত্যয় ঘটায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে এনসিপির বর্তমান অবস্থানের সংঘর্ষ হওয়ায় তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার সঙ্গে পদত্যাগকারী অন্য ১১ জন নেতা হলেন— সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, এনসিপির বর্তমান রাজনৈতিক ধারা ও গণঅভ্যুত্থানের মূল চেতনার মধ্যে বৈপরীত্য দেখা দেওয়ায় তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নির্বাচনের আগে বাগেরহাটে এনসিপির মতো নতুন একটি সংগঠনের এমন গণপদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • এনসিপি
  • গণপদত্যাগ
  • জাতীয় নাগরিক পার্টি
  • মো. আলী হোসেন