
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ তোলেন।
সারজিস আলম তার স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে ও হুমকি দিয়েছে। হামলার ভয়ে অনেকে পালিয়ে আছেন। বিএনপি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না, তা তাদের স্পষ্ট করতে হবে।”
বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হওয়া সারজিস আলম আরও বলেন, “আমরা পুরোনো নোংরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে নতুন ধারা তৈরি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই হামলাগুলো করছেন, তাদের সংশোধন হওয়ার আহ্বান জানাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিন, মনে রাখবেন—এক মাঘে শীত যায় না।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
