
স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।যৌথ বাহিনী জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলো— রূপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়ার সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) এবং ১৭ বছরের এক কিশোর।যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়েছে। এদের মধ্যে ইয়ার হোসেন ও সোনা মিয়ার নামে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত।অভিযানে তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৫ পট (মোট ৩০০ গ্রাম) গাঁজা, ৪৮টি মোবাইল সিম এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পরে আটক ছয়জনকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনী আমাদের কাছে ৬ জন আসামিকে অস্ত্র, গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
