
সংবাদ সম্মেলনে হিরো আলমের হাতে দলের সদস্য স্মারক তুলে দিচ্ছেন সাধারণ সম্পাদক তারেক রহমান
নিজস্ব প্রতিনিধি | ঢাকা
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আনুষ্ঠানিকভাবে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এ যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই দলের মনোনীত প্রার্থী হিসেবে ‘প্রজাপতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, হিরো আলমকে এই রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন করা হবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হিরো আলমকে বরণ করে নেওয়া হয়। এ সময় দলটির সাধারণ সম্পাদক তারেক রহমান সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান জানান, “হিরো আলম ভাই আমাদের দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে সদস্য ফরম পূরণ করেছেন। আমরা সভার সিদ্ধান্ত অনুযায়ী ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছি এবং দলের সদস্য স্মারকটি তার হাতে তুলে দিয়েছি।” তিনি আরও উল্লেখ করেন, হিরো আলমকে দলে নেওয়া নিয়ে দলের ভেতরে কিছুটা দ্বিমত থাকলেও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে তাকে সদস্য করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজের নতুন রাজনৈতিক অধ্যায় সম্পর্কে হিরো আলম বলেন, “আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এবার স্বতন্ত্র নয়, বরং কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করার পরিকল্পনা আমার আগে থেকেই ছিল। কয়েকটি দলের সাথে কথা হলেও আদর্শগত মিল না থাকায় যোগ দিইনি। শেষ পর্যন্ত তারেক রহমান ভাইয়ের সাথে আলাপ-আলোচনার পর ‘আমজনতার দল’-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নির্বাচন কমিশন থেকে সম্প্রতি নিবন্ধন পাওয়া এই রাজনৈতিক দলের হয়ে হিরো আলমের ভোটযুদ্ধে নামার বিষয়টি নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
