এবার আরেক অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

বিনোদন ডেস্ক

ছোট পর্দার তরুণ অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য ও কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি সুজনের বিরুদ্ধে অন্ধকারাচ্ছন্ন জীবনযাপনের অভিযোগ আনেন।

জান্নাত দীপ্তির দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এর প্রমাণ হিসেবে তিনি তাদের মধ্যকার বেশ কিছু অশালীন চ্যাট ও আপত্তিকর ছবির স্ক্রিনশট জনসমক্ষে এনেছেন। একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে দীপ্তি অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার অসুস্থ বাবার সামনেও সুজন তাকে মারধর করতেন বলে তিনি জানান।

অভিযোগের তালিকায় আরও রয়েছে সুজনের মাদকাসক্তির বিষয়টি। দীপ্তির ভাষ্যমতে, তার চোখের সামনেই সুজন নিয়মিত মদ, গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন। তিনি আরও জানান, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভ-ইন সম্পর্কে ছিলেন। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে এতদিন চুপ থাকলেও, সুজনের পক্ষ থেকে আসা মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে তিনি এখন মুখ খুলতে বাধ্য হয়েছেন।

বর্তমানে সুজন উল্টো তার স্ত্রীর বিরুদ্ধে টাকার লোভে সংসার ছাড়ার অভিযোগ তুলছেন। এর প্রতিবাদে দীপ্তি প্রশ্ন তোলেন, একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ? তিনি আক্ষেপ করে বলেন, “আত্মহত্যা করলেই কি সমাজ আমাকে ভালো বলত?” দীপ্তি আরও জানান, তিনি বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাকে তালাক দিচ্ছেন না, আবার স্ত্রীর মর্যাদাও দিচ্ছেন না।

এই অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজন বলেন, “এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, আমাকে কিছুটা সময় দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, আমারও বলার অনেক কিছু আছে।” অন্যদিকে, অভিযুক্ত মডেল তৃষ্ণার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ২০১৮ সালে ক্যারিয়ার শুরু করা সুজন বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন।

  • আফজাল সুজন
  • জান্নাত দীপ্তি
  • বিনোদন সংবাদ