মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় জোট প্রার্থী আতাউল্লাহ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

দেলোয়ার হোসাইন মাহদী, প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় জোট প্রার্থী আতাউল্লাহ প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ পিকআপ ভ্যানে করে শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করেন।

এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি মুড়ি ও বাতাসা বিতরণ করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়েই তাঁরা এসেছেন এবং রাজনীতিকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনতে চান। আতাউল্লাহর মতে, একজন জনপ্রতিনিধি নির্বাচনে যত কম খরচ করবেন, ততই তিনি জনগণের জন্য বেশি কাজ করতে পারবেন। কারণ অতিরিক্ত অর্থ ব্যয় অনেক সময় দুর্নীতির পথ প্রশস্ত করে।

প্রচারণা চলাকালে তিনি কাউতলী এলাকা থেকে শুরু করে স্টেডিয়াম সড়ক, ফারুকী পার্ক, টিএ রোড, কান্দিপাড়া ও শিমরাইলকান্দিসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যান। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মুড়ি ও বাতাসা ভাগ করে খান এবং দেশ গঠনে পরিবর্তনের লক্ষ্যে সবার কাছে ভোট চান।

  • নির্বাচন ২০২৬
  • ব্রাহ্মণবাড়িয়া-৩
  • মোহাম্মদ আতাউল্লাহ