
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর : ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আগামী জাতীয় নির্বাচনে দেশের নারী ভোটার বা মা-বোনেরা জামায়াতে ইসলামীকে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন।
আগামী নির্বাচনে মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দেশের নারীরা যে তাঁদের দলকে সমর্থন দিচ্ছে, তার স্পষ্ট লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে। ইইউ প্রতিনিধিদলের প্রধান ইভারস আইজাবসের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জনগণের আস্থার কথা জানান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ এবার সুশাসন নিশ্চিত করতে চায়। আমরা শুধু একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি।” তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি জানান, কোনো অনিয়ম দেখলে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে এবং সমাধান না পেলে দেশবাসীকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম নির্দিষ্ট একটি দলের দিকে ঝুঁকে পড়ছে, যা জুলাই অভ্যুত্থানের সময়ও দেখা গেছে। তিনি সতর্ক করে বলেন, গণমাধ্যম যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল পরে তবে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। জনগণ সব লক্ষ্য করছে এবং তাদের বোকা ভাবার কোনো কারণ নেই।
