আখাউড়ায় ভুয়া ডাক্তার পরিচয় দেওয়ায় ফার্মেসি মালিককে জরিমানা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
আখাউড়ার তন্তর বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ফার্মেসি মালিককে জরিমানা করা হচ্ছে

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে কোনো বৈধ সনদ ছাড়াই রোগী দেখা ও প্রেসক্রিপশনে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়ার দায়ে নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ফার্মেসির মালিক নিজেই সিরিয়াল দিয়ে রোগী দেখছিলেন এবং প্রত্যেক রোগীর কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট আদায় করছিলেন। তিনি রোগীদের বিভিন্ন ওষুধের পাশাপাশি অবাধে অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করছিলেন। তবে তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক বা এমবিবিএস পর্যায়ের কোনো বৈধ সনদপত্র নেই। তবুও তিনি দীর্ঘ দিন ধরে নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে আসছিলেন।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মিথ্যা উপাধি ব্যবহার করে সাধারণ রোগীদের বিভ্রান্ত করা ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এই দণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্তকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক সহযোগিতা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে সনদহীন চিকিৎসা সেবা ও অবৈধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

  • আখাউড়া সংবাদ
  • ব্রাহ্মণবাড়িয়া
  • ভুয়া ডাক্তার পরিচয়
  • ভোক্তা অধিকার