বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে: বিসিবিকে জানিয়ে দিল আইসিসি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে নির্ধারিত ভেন্যু ভারতেই যেতে হবে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে টাইগাররা। তবে বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম বা বার্তা এখনও দেয়নি। দুই পক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্যের কারণে বিশ্বকাপের মাত্র এক মাস আগে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে তোলপাড়।

উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার ঘটনার জেরে ভারতে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বিসিবি। এরপরই বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দেয় বোর্ড। বিসিবির অনড় অবস্থান হলো—খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের নিরাপত্তা যেখানে অনিশ্চিত, সেখানে দল পাঠানো সম্ভব নয়।

সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা জানান, “সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এমন অবস্থান নিয়েছে। আমরাও চাই দল বিশ্বকাপে খেলুক, কিন্তু নিরাপত্তাহীন পরিবেশে সেটা সম্ভব নয়। একমাত্র সরকার যদি সবুজ সংকেত দেয়, তবেই ভারতে গিয়ে খেলা সম্ভব।”

এখন আইসিসি যদি ভেন্যু না বদলায় এবং বিসিবি যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তবে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ বড় ধরণের সংকটে পড়বে। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি এবং সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেটিই দেখার বিষয়।