
আবদুল্লাহ আল মারুফ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহান শাহরিয়ার ফাহিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা শিবিরের কার্যালয়ে আয়োজিত এক সদস্য সম্মেলনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে ফারহান শাহরিয়ার ফাহিম সভাপতি নির্বাচিত হন। এরপর নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নাম সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এছাড়া জেলার অন্যান্য দায়িত্বশীল ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এর আগে জেলা শাখার সেক্রেটারি হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নবমনোনীত সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এর আগে জেলা অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্বশীলরা ইসলামী সমাজ বিনির্মাণ এবং জেলার শিক্ষাঙ্গনগুলোতে সুস্থ ধারার রাজনীতি প্রসারে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
