আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকে সাকিবভক্তদের অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় সাকিবভক্তদের আনাগোনায় কার্যালয় প্রাঙ্গণে একপ্রকার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দুদক সূত্র জানায়, দুপুরে ২০-৩০ জনের একটি দল হঠাৎ করে কার্যালয়ের সামনে জড়ো হয়ে সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়ার দাবি জানায়। উপস্থিত কর্মকর্তাদের ওপর তারা প্রচণ্ড চাপ সৃষ্টি করলে এবং কাজের পরিবেশে বিঘ্ন ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুদক কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতর হট্টগোল শুরু করলে কর্মকর্তারা অভিযোগটি গ্রহণে বাধ্য হন। বেনামে দায়ের করা এই অভিযোগটি বর্তমানে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

তিনি আরও পরিষ্কার করেন যে, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী অভিযোগটি প্রথমে যাচাই-বাছাই করা হবে। যদি এতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না যায়, তবে এটি সরাসরি বাতিল করা হবে। যথাযথ প্রমাণ পেলেই কেবল পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

  • আসিফ মাহমুদ
  • ক্রীড়া সংবাদ
  • দুদক
  • দুর্নীতি দমন কমিশন
  • সাকিব আল হাসান