
ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
“সত্য ও ইনসাফের পথে রাজনীতি টিকে থাকে, প্রতিহিংসার রাজনীতি টিকে না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে লড়াই করার প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ লেবার পার্টি। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ৭৫টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ড. ইরান বলেন, লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনায় একটি শোষণমুক্ত, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। “আমরা কোনো ব্যক্তিনির্ভর রাজনীতি নয়, আদর্শনির্ভর রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে আমরা আপসহীন”—যোগ করেন তিনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘোষিত তালিকাটি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী চূড়ান্ত করা হবে। এখনো কোনো জোট বা আসন সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা হলে জাতীয় নির্বাহী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে লেবার পার্টির এই পদক্ষেপ নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বিকল্প ধারার রাজনীতিতে এই দলের উপস্থিতি আগামী নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
ঘোষিত ৭৫ আসনের প্রার্থীদের মধ্যে রয়েছেন— ডা. মোস্তাফিজুর রহমান ইরান (ঝালকাঠি-১ ও পিরোজপুর-২), সৈয়দ মো. মিলন (ঝালকাঠি-২), এডভোকেট জোহরা খাতুন জুঁই (ঢাকা-৭), খন্দকার মিরাজুল ইসলাম (ঢাকা-৮), নাসিমা নাজনীন সরকার (চাঁদপুর-২), অধ্যাপক টিপু সুলতান (খুলনা-২), অধ্যক্ষ একে এম সাইফুদ্দোহা (যশোর-৪), মুফতি তরিকুল ইসলাম সাদি (নেত্রকোনা-৪), এডভোকেট সিরাজুল ইসলাম খান (দিনাজপুর-৬), মোহাম্মদ শুভ আহমেদ (লালমনিরহাট-১), ফেরদাউস আলম (পঞ্চগড়-১) প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদক নাসিমা নাজনীন সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ড. ইরান বলেন, “লেবার পার্টি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই।”
