
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রিজাইডিং কর্মকর্তা অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখেন। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, কেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সকালে ভোট প্রদান শেষে ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্রে তার ‘খেজুর গাছ’ প্রতীকে সিল মারার পাঁয়তারা চলছে। তিনি বলেন, “আমি পুলিশ, সেনাবাহিনী ও ডিসিসহ সংশ্লিষ্ট সবাইকে এই আটটি কেন্দ্রের তালিকা দিয়েছি। আমার নেতাকর্মীদের প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে। গত রাতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আমার দুজন কর্মীকে আটক করা হয়েছে।”
