
ছবি: ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বার্তায় তিনি ভারতকে চীনের ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও বিশ্বস্ত অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘদিনের সীমান্ত উত্তজনা কাটিয়ে দুই দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার প্রক্রিয়ার মধ্যে জিনপিংয়ের এই ইতিবাচক বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় শি জিনপিং উল্লেখ করেছেন যে, গত এক বছরে চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়েছে। দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা ছাড়াও বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে বর্ণনা করেন।
প্রেসিডেন্ট শি জিনপিং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, একে অপরের উদ্বেগের বিষয়গুলো সম্মানজনক সমাধানের মাধ্যমে একটি সুস্থ ও স্থায়ী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষের জেরে সম্পর্কের চরম অবনতি ঘটলেও গত কয়েক বছরে সেই বরফ গলতে শুরু করেছে।
রাজনৈতিক ও সীমান্ত বিরোধ থাকলেও দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে থাকেনি। বর্তমানে চীন ও ভারতের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন ডলার। এছাড়া দীর্ঘ পাঁচ বছর স্থগিত থাকার পর গত বছরের অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। জিনপিংয়ের এই বার্তাকে দুই দেশের বৈরী সম্পর্ক কাটিয়ে ওঠার নতুন ধাপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
