বিসিবি নির্বাচনের খবর জানেন বিরাট কোহলী, মাথা ঘামান না সাকিব!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনের উত্তাপ দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে পাশের দেশ ভারতে বিরাট কোহলি পর্যন্ত অথচ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানেন না এর কিছুই। তার না জানার পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। দীর্ঘদিন হলো বাংলাদেশ ক্রিকেটে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সাকিব নামটা। সাকিব খেলতে পারছে না দেশের জার্সি গায়ে তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন নিয়মিতই। সম্প্রতি সমকালকে সাক্ষাৎকার দিয়েছেন আল হাসান। তার কাছে বিসিবি নির্বাচন নিয়ে জানতে চাইলে সাফ জানিয়ে দিয়েছেন তার জন্য বলা কঠিন আসলে নির্বাচনকে কেন্দ্র করে কি হচ্ছে।

সাকিব আল হাসান বলেন-আমি অত কিছু ফলো করিনি, আশা থাকবে যারা আসবে তারা বিসিবির ভালো করার জন্য কাজ করবে। সবার প্রতি শুভকামনা। নির্বাচনের খবর খুব একটা দেখা হয় না, পড়া হয় না। স্বাভাবিকভাবেই আমার জন্য বলা কঠিন আসলে কি হচ্ছে। এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেটা জানিনা সেখানে কিছু বলা ঠিক হবে না।

বিসিবি নির্বাচন নিয়ে গেল কয়েকদিনে উত্তেজনা চরমে। মুখোমুখী অবস্থানে তামিম ইকবাল এবং বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। গেল কিছুদিন ধরে জল ঘোলাও হয়েছে বেশ। নির্বাচন নিয়ে চলমান নাটকের শেষ কোথায় তাও কেউ জানে না। পাল্টাপাল্টি অভিযোগ কাদা ছোড়াছুড়ি চলছিল আগে থেকেই। এবার বিসিবি ইলেকশন নাটকের সাসপেন্স হিসেবে যোগ হয়েছেন বিরাট কোহলি। হ্যাঁ। নামটা শুনে অনেককে একটু নড়েচড়ে বসতে হবে। একই সাথে প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে বিরাট কোহলি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠলেন বিসিবি নির্বাচনে?

পহেলা অক্টোবর বিসিবি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তামিম নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন বেশ। তবে বুধবার সকালে বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এ সময় তামিম বলেন, আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি।

তামিমের এমন অভিযোগের পর ১২ ঘন্টাও পার হয়নি। পাল্টা জবাব এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে। যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন, বিসিবি নির্বাচনে ফিক্সিং করতে চেয়েছিলেন তামিমরা। কিন্তু ব্যর্থ হয়েছেন তারা। তিনি বলেন-ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন। করে ব্যর্থ হয়েছেন। সভাপতি সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদেরকেও ধমক দেয়া হয়েছে। অনেক কিছুই করা হয়েছে সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।

শুধু তাই না আসিফ মাহমুদ আরো অভিযোগ করেছেন। কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে বিসিবি নির্বাচন নিয়ে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর এবং বাকিদের সাথে আলোচনা করেছেন। বিরাটের কাছে অভিযোগ করার এমন কাজকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন-কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে শেয়ার করেছে। এমন কথা অভিযোগ দেওয়া উচিত না যেটা আমাদের দেশের জন্য লজ্জাজনক।

চলমান এই নাটকের শেষ কোথায় তা জানা নেই কারোই। মিনিটে মিনিটে যেভাবে ঘটনা প্রবাহ ভিন্ন ভিন্ন দিকে মোড় নিচ্ছে তাতে সাকিব আল হাসানই হয়তো সেরা পথটা বেছে নিয়েছেন। একেবারেই মাথা ঘামাচ্ছেন না ইলেকশন নিয়ে।