
ছবি: জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় মাজেদুর রহমান
নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা
বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে ভোট কেনার নতুন কৌশল এবং ‘ফাজলামি’ হিসেবে আখ্যায়িত করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তিনি অভিযোগ করেন, এই কার্ডের মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গত সোমবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাজেদুর রহমান বলেন, আগে ভোটের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনার কথা শোনা যেত, কিন্তু এখন এক মাস আগেই আইডি কার্ড নিয়ে তথাকথিত ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তিনি আরও বলেন, ভোট কেনার জন্য গ্রুপ তৈরি করে কাজ করানো এবং বিকাশে টাকা দেওয়ার মতো নতুন পদ্ধতি শুরু হয়েছে।
জামায়াত প্রার্থী তার বক্তব্যে বলেন, ক্ষমতার চেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, জামায়াতের সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি; বরং দুর্নীতি না করার কারণেই তাদের ফাঁসি দেওয়া হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্য নেতাদের কারাবরণ ও ত্যাগের কথাও তিনি বক্তব্যে স্মরণ করেন।
সুন্দরগঞ্জে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে মাজেদুর রহমান বলেন, যত ষড়যন্ত্রই হোক, এই এলাকায় জামায়াতকে কেউ পরাস্ত করতে পারবে না। তিনি মাওলানা আব্দুল আজিজের প্রসঙ্গ টেনে দাবি করেন, মিথ্যা মামলার কারণে তাকে দেশছাড়া হতে হয়েছিল এবং তার লাশও দেশে আনা সম্ভব হয়নি। বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা এ কে এম নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এলডিপি ও জামায়াতের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
