
ফাইল ছবি: সরিষা ক্ষেত
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা চাষে নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। স্বল্প পানি ও কম খরচে লাভজনক হওয়ায় এবার সরিষা আবাদে কৃষকদের আগ্রহ চোখে পড়ার মতো। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ৫ হাজার ৯০৮ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যেখান থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
উপজেলার প্রতিটি ইউনিয়নেই এবার সরিষার আবাদ ছড়িয়ে পড়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারি প্রণোদনার আওতায় প্রায় ৪ হাজার কৃষকসহ মোট ৭ হাজার চাষিকে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার দেওয়া হয়েছে। এসব বীজের মধ্যে বারি সরিষা-১৪, ১৭, ২০ এবং বিনা-৯ এর মতো উন্নত জাত রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফসলের মাঠ বেশ ভালো দেখাচ্ছে। আতুকুড়া গ্রামের কৃষক শেখ সোবহান ও চাপড়তলা গ্রামের খাইরুল মিয়াসহ অনেকের মতেই, নিয়মিত কৃষি পরামর্শ ও বাজারে ভালো দাম থাকায় তারা এবার বড় ধরনের লাভের আশা করছেন। আগে যারা সেচ সংকটের কারণে শুধু ধান চাষে আটকে থাকতেন, তারা এখন কম পানিনির্ভর এই ফসলের দিকে ঝুঁকছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, সরিষা চাষ একদিকে যেমন কৃষকদের ভোজ্য তেলের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে বাজারে বিক্রি করে তারা বাড়তি আয়ও করতে পারছেন। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, যা জাতীয় পর্যায়ে তেলের চাহিদা পূরণেও ভূমিকা রাখছে। কৃষি বিভাগের প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে ভোজ্য তেল উৎপাদনে দেশ আরও দ্রুত স্বয়ংসম্পূর্ণ হবে।
