তথাকথিত ‘ঐক্যমত্য কমিশন সনদ’ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

ঢাকা, বাংলাদেশ:

তথাকথিত ‘ঐক্যমত্য কমিশনের সনদ’ প্রত্যাখ্যান করেছে মানবতার রাজনীতিতে বিশ্বাসী সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (World Humanity Revolution)

এই সনদ সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, কতিপয় জনসমর্থনহীন এবং ভিত্তিহীন ব্যক্তি বা গোষ্ঠীর তৈরি তথাকথিত এই সনদের কোনো আইনি বা সাংবিধানিক বৈধতা নেই, এবং এটি জনগণের সনদ হিসেবে গণ্য হতে পারে না।

ইমাম হায়াত আরও বলেন, অনির্বাচিত কিছু ব্যক্তির তৈরি সনদ কখনও রাষ্ট্রের সনদ হতে পারে না। রাষ্ট্র এবং জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই, এবং এই ধরনের যেকোনো প্রচেষ্টা ‘নব্য স্বৈরাচার’ বা ‘নব্য ফ্যাসিবাদ’ হিসেবেই বিবেচিত হবে।

তিনি ‘জুলাই সনদ’ কথাটিকে ‘মিথ্যা ও ধোঁকা’ আখ্যায়িত করে বলেন, জুলাই মাসের আন্দোলন কোনো সনদের ভিত্তিতে অথবা জঙ্গিবাদী, সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র কায়েমের জন্য হয়নি। জুলাই আন্দোলনে জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবন ও নিরাপত্তার স্বাধীনতা ও অধিকার চেয়েছিল। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন চক্র সেই প্রত্যাশাকে ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, জঙ্গিবাদ, মব-সন্ত্রাস, মিথ্যা মামলা, আদালত জবরদখল, বৈষম্য, দলীয়করণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, বাকস্বাধীনতা হরণ, অন্যায় গ্রেফতার, রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও জেল-জুলুম চালাচ্ছে।

আল্লামা ইমাম হায়াত দৃঢ়ভাবে উল্লেখ করেন, গণভোটের নামে বা প্রহসনের ভোটের মাধ্যমে যতই চেষ্টা করা হোক না কেন, জোর করে চাপিয়ে দেওয়া এই তথাকথিত সনদ কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।

তিনি মত প্রকাশ করেন যে, জনগণের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সাথে আলোচনা ও পরামর্শ না করে কিছু ভিত্তিহীন, নামসর্বস্ব এবং জঙ্গিবাদী-সাম্প্রদায়িক স্বৈর-রাজনীতির গ্রুপকে নিয়ে তাদের অসৎ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে স্বৈরাচারী কায়দায় তৈরি এই অগণতান্ত্রিক সনদ জনগণ বর্জন করবে। তাঁর মতে, এই সনদ ইতোমধ্যেই ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য-আবর্জনায় পরিণত হয়েছে।