
অনলাইন ডেক্স
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেন। তন্বীর জীবনসঙ্গী জিহাদ আবদুল্লাহ পেশায় একজন সংবাদকর্মী; তিনি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করছেন বলে জানা গেছে।
বিয়ের ঘোষণা দিয়ে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তন্বী তার স্বামীর উদ্দেশে লেখেন, ‘আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছি। আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই—সবচেয়ে সহজ অথচ সবচেয়ে গভীর প্রতিশ্রুতি; প্রতিটি দিনে, জীবনের বাকিটা সময় ধরে আমি তোমাকেই বেছে নেব।’
উল্লেখ্য যে, একই দিনে বিয়ের পিঁড়িতে বসেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান। রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। এস এম ফরহাদ বিয়ে করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদাকে। একই দিনে ডাকসুর শীর্ষ তিন নেতার বিয়ের খবরে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে।
সানজিদা আহমেদ তন্বী কেবল একজন ছাত্রনেত্রীই নন, সাধারণ শিক্ষার্থীদের কাছে তিনি সাহসের এক অনন্য প্রতীক। গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের বর্বরোচিত হামলায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। সে সময় তার রক্তমাখা ভীত ও সাহসী মুখমণ্ডলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, যা আন্দোলনকারীদের মনে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছিল।
পরবর্তীতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে তন্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ হাজার ৭৭৭টি রেকর্ড সংখ্যক ভোট পেয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করেন। সাহসী এই ছাত্রনেত্রীর নতুন জীবনের সূচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
