
নিজস্ব প্রতিবেদক.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান প্রচারের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।সংলাপ ও টক-শোতে সমান সুযোগ নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তথ্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচন উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো যেসব সাক্ষাৎকার, নির্বাচনি সংলাপ কিংবা টক-শো আয়োজন করবে, সেখানে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করতে হবে।আচরণ বিধিমালার কঠোর প্রয়োগ নির্দেশনায় আরও বলা হয়, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৫ নম্বর বিধি অনুযায়ী, নির্বাচনি সংলাপে প্রার্থীরা অংশ নিতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো—কোনো ব্যক্তি বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য প্রদান করা যাবে না।ইসির বিশেষ সতর্কতা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, টেলিভিশন চ্যানেলগুলোকে বিশেষ সতর্ক থাকতে হবে যাতে কোনো প্রচারণার মাধ্যমে কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করা না হয়। কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর বক্তব্য যাতে প্রচারিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।কমিশন মনে করে, গণমাধ্যমে সকল পক্ষের সমান উপস্থিতির মাধ্যমে ভোটারদের কাছে সঠিক বার্তা পৌঁছাবে এবং নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
