কসবায় জমির বিরোধে চাচার হাত-পায়ের রগ কেটে দিল ভাতিজারা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 hours ago

সংবাদ দাতা: দেলোয়ার হোসাইন মাহদী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রতন মিয়া ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে রতন মিয়ার সঙ্গে তার ভাই মিলন মিয়ার পরিবারের দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। বুধবার বিকেলে রতন মিয়া বাড়ির পাশের বিলে কাজ করতে গেলে তার ভাতিজা রিফাত ও সিফাতসহ সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পেটানোর পর ঘাস কাটার কাঁচি দিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। স্থানীয় পৌর কমিশনার আবু সায়েদ জানান, এই বিরোধ নিরসনে একাধিকবার সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • অপরাধ সংবাদ
  • জমির বিরোধ
  • রগ কেটে হত্যা
  • হত্যাকাণ্ড